নিজস্ব প্রতিবেদক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত নয়টা থেকে বিমানবন্দরের ফ্লাইট চলাচলসহ সব কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মুহাম্মদ জাহেদ কামাল জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি। তবে বিমানবন্দরের খোলা স্থানে প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “যে স্থানে আগুন লেগেছে সেটি শুধুমাত্র আমদানি কার্গো এলাকা। রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “যদি নাশকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের একটি অংশে থাকা প্যাকেজিং সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।



