নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের লক্ষ্য, নির্বাচন যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হয়।‘
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যত বাধা আসুক না কেন, তা হাসিমুখে মোকাবেলা করা হবে।’
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার বরিশাল বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন।



