তিনটি বিসিএস ও ৪৭তম বিজ্ঞপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের নবগঠিত সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রথম সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের অগ্রগতি এবং আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন নতুন কমিশনের এই প্রথম সভা থেকে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
পিএসসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “তিনটি বিসিএসের অগ্রগতি এবং ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা হবে। বিভাগীয় পদোন্নতির পরীক্ষাসহ অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।”
কমিশনের কাজ প্রায় চার মাস ধরে অচল ছিল। প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক, সরকারের পতন, পুরনো কমিশনের পদত্যাগ এবং নতুন সদস্যদের নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন চেয়ারম্যান ও আট সদস্যের নেতৃত্বে কমিশন সচল হওয়ার পর এখন আর কোনো বাধা নেই।
৪৪তম বিসিএসের কিছু প্রার্থীর মৌখিক পরীক্ষা এখনো বাকি। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এবং ৪৬তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আজকের সভা গুরুত্বপূর্ণ। এছাড়া ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
নতুন কমিশনের এই উদ্যোগ চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো দেখালেও প্রার্থীদের দীর্ঘদিনের হতাশা কাটাতে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ



