― Advertisement ―

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশ ।

শেরপুর: শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম(৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক ।

চট্টগ্রাম: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাইজুদ্দিন (৪৭),মো. খোকন (৩০) ও মোহাম্মদ রানা (৩০) নামের তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।

জয়পুরহাট: রোববার সন্ধ্যায় সদর উপজেলার হেলকুন্ডা বাইপাস সড়কে পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান (৭০) ও দুপুরে পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার কাছে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লার (৮) মৃত্যু হয়।

নিহত নুরজাহান সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার স্ত্রী। অন্যদিকে আব্দুল্লাহ পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ও গনেশপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।

মৃত্যুর খবর নিশ্চিক করেছেন, জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার ওসি কাওসার আলী ।

নরসিংদী: সড়ক দুর্ঘটনায় বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের এক উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামে এক দুর্ঘটনায় নিহত হন তিনি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে মুছা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত মুছা জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবু আহমদের ছেলে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারগুব তৌহিদ ।

গাজীপুর: কাপাসিয়ায় বাসচাপায় সাইফুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা দুইটায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ধলাগর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৬০) কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কাপাসিয়া উপজেলা ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ।

বিএম/জ/রা