― Advertisement ―

গাজায় ধ্বংসস্তূপের নিচে আরও ৫৯ লাশ

ডেস্ক রিপোর্টঃ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না মৃত্যুর মিছিল। ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক ফিলিস্তিনির লাশ উদ্ধার হচ্ছে। সর্বশেষ আরও ৫৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা, যা গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৪৭ হাজার ৪১৭-এ পৌঁছে দিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৫৭১ জনে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

যদিও গাজায় ১৯ জানুয়ারি থেকে তিন পর্বের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য রয়েছে, তবুও ইসরায়েলি হামলার ক্ষত এখনও দৃশ্যমান।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোর ৬০ শতাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

বিএম/সজীব