ডেস্ক রিপোর্টঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন আজ ব্যাংকে পাঠানো হতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার রাতে মাউশির অর্থ ও ক্রয় বিভাগের উপপরিচালক আবু সাঈদ মজুমদার জানান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়ায় এই শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি নির্দেশনা (জিও) জারি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অর্থ ব্যাংকে জমা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী সপ্তাহে শিক্ষকরা তাদের বেতন তুলতে পারবেন।
বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে প্রদান করা হতো, যা শিক্ষকদের জন্য ছিল সময়সাপেক্ষ ও ভোগান্তির। এ সমস্যা দূর করতে সরকার ইএফটি পদ্ধতিতে বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়।
দেশের তিন লাখ ৮৯ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে তিন লাখ ৮০ হাজারের তথ্য যাচাইয়ের পর ১ জানুয়ারি ইএফটি কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম ধাপে এক লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়া হয়।
দ্বিতীয় ধাপে ১৫ জানুয়ারির মধ্যে ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়ার কথা থাকলেও সার্ভার জটিলতাসহ বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এ কারণে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন, বৃহস্পতিবারই তাদের বেতন ব্যাংকে পাঠানো হবে, যা দ্রুতই শিক্ষকরা তুলতে পারবেন।
বিএম/সজীব



