বিশেষ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো আসাদ উল্লাহ খানকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ওই দুজনকে বহিস্কারের বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন জমাদ্দার রোববার রাতে বরিশাল মেইলকে নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলার আওতায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শনিবার রাত ৯ টার দিকে বাকেরগঞ্জের নিয়ামতি বন্দরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদ উল্লাহ খানকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
স্বজনেরা জানান, সন্ত্রাসীরা ছাত্রদল নেতা আসাদ উল্লাহকে নির্মমভাবে কুপিয়ে তাঁর দুই হাত প্রায় বিচ্ছিন্ন করে দেয়। দুই পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের অন্যান্য স্থানে গুরুতর জখম করে। পরে আসাদ উল্লাহকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাৎক্ষণিক পাঠানো হয় ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।
বিএম/জ/রা



