― Advertisement ―

আফগানিস্তানে কেন মামুনুল হক?

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ সাত জন আফগানিস্তান সফরে গিয়েছেন। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান।

দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তানে এটাই প্রথম সফর।

বিজ্ঞপ্তিতে তারা বলছে, তালেবান সরকারের আমন্ত্রণে তারা আফগানিস্তানে গিয়েছেন। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

খেলাফত মজলিসের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময়ে এই সফর করছেন, যখন ঢাকায় তার দলের বিক্ষোভ কর্মসূচি চলছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সাব্বির আহমেদ মনে করেন, এই ধর্মভিত্তিক দলটি হয়তো ইসলামি শাসনের মডেল নিয়ে ধারণা পেতে আফগানিস্তান সফর করছে।