― Advertisement ―

হরমুজ প্রণালি খুলতে ইরানের সঙ্গে আলোচনা পাকিস্তানের, কমানোর চেষ্টা পশ্চিম এশিয়ার উত্তেজনা

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি।

মঙ্গলবার (২৫ আগস্ট) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ইরানি নেতৃত্বের সঙ্গে আসিম মুনিরের ‘বিস্তৃত আলোচনা’ হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

ইরানে একদিনের সফরে আসিম মুনিরের সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সফর শেষে তারা পাকিস্তানে ফিরে যান।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত ঘিরে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে ইসলামাবাদ যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে এই সফর বলে জানিয়েছে আইএসপিআর।

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল হরমুজ প্রণালি পুনরায় চালু করা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালিতে চলাচল স্বাভাবিক হলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাণিজ্যে চাপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের এই উদ্যোগ এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি রুটের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।