সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিলের লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
রোববার (২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে বলে সরকার জানতে পেরেছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
তিনি জানান, জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ওই জামিনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানাতে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
গত ১৪ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ জুন ইউএই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে বেনজীরের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে, যার ভিত্তিতেই তাকে আন্তর্জাতিকভাবে খোঁজার প্রক্রিয়া শুরু হয়।
সূত্র: ইউএনবি



