― Advertisement ―

কানাডার এডমন্টনের গুরুদুয়ারায় ছুরি হামলা, আহত ২; সন্দেহভাজন আটক

কানাডার এডমন্টনের একটি গুরুদুয়ারায় হামলার ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলাটি বিদ্বেষপ্রসূত কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে উত্তর-পূর্ব এডমন্টনের নানকসার শিখ গুরুদুয়ারায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক ব্যক্তি গুরুদুয়ারায় প্রবেশ করে প্রার্থনার স্থানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্মীরা তাকে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের তথ্যমতে, ওই ব্যক্তি স্ক্রু-ড্রাইভার দিয়ে দুই পুরুষকে আঘাত করেন। আহতদের মধ্যে একজনের বয়স ৭৫ বছর এবং অন্যজনের বয়স ৫১ বছর। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের আঘাতই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় গুরুদুয়ারার উপস্থিত লোকজন সন্দেহভাজনকে নিয়ন্ত্রণে নিয়ে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এডমন্টন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশের কাছে পরিচিত এবং তার বিরুদ্ধে অতীতে সহিংসতার অভিযোগের ইতিহাস রয়েছে। হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের হেট ক্রাইমস ইউনিটও যুক্ত হয়েছে।

গুরুদুয়ারা কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুজনের মধ্যে একজন ধর্মীয় পুরোহিত এবং অন্যজন দীর্ঘদিনের স্বেচ্ছাসেবক। হামলায় শিখ ধর্মগ্রন্থ বা গুরুদুয়ারার কোনো পবিত্র সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।

ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি হামলাটিকে নিন্দনীয় উল্লেখ করে শিখ সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এদিকে, হামলার কারণ ও সম্ভাব্য অভিযোগ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।