বেলজিয়ামের এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে আগুনের চারপাশ ঘিরে ফেলার লক্ষ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) জোরালো অভিযান শুরু করেছেন দমকলকর্মীরা। তবে প্রবল বাতাস ও বৃষ্টির কারণে আগুন নেভাতে আকাশপথে সহায়তা ব্যাহত হচ্ছে।
হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানলে বিশাল জলাভূমি, পিটভূমি, পাইনগাছ ও হাঁটার পথ পুড়ে গেছে। সপ্তাহান্তে আগুনের বিস্তৃতি বেড়ে প্রায় ৩ হাজার হেক্টরে পৌঁছেছে, যা ম্যানহাটনের আয়তনের প্রায় অর্ধেক।
আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত দমকলকর্মী দিন-রাত কাজ করছেন। তাদের মূল লক্ষ্য হলো আগুনের চারপাশে একটি নিয়ন্ত্রণ বলয় তৈরি করে দাবানলটির আরও বিস্তার ঠেকানো।
তবে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। বিশেষ করে বাতাসের গতিবিধির কারণে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে স্থলভিত্তিক অগ্নিনির্বাপণ কার্যক্রমের পাশাপাশি আকাশপথে সহায়তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বৃষ্টি ও বাতাসের কারণে উড়োজাহাজ ও হেলিকপ্টারের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।



