ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্যোগের পর প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।
রোববার (১৬ আগস্ট) কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৫ আগস্ট) সকালে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর একের পর এক আফটারশক অনুভূত হয়। এখন পর্যন্ত প্রায় ৩৪১টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের বিভিন্ন এলাকা। সেখানে হাজার হাজার মানুষ জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছেন। ধ্বংসস্তূপ ও ভূমিধসের কারণে বেশ কিছু সড়ক বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন পলাস অক্টাভিয়ানুস এক টেলিভিশন বৈঠকে জানান, ভূমিকম্পে ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। আরও ৭৭ জন সামান্য আহত হয়েছেন।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা দেওয়ার কাজ চলছে।
২০২২ সালে পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির পর এটিই ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



