যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে একাধিক সন্দেহভাজন এই হামলা চালায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়। একই সঙ্গে শুরু হয় পুলিশি তদন্ত। নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রস্তুতির মধ্যেই এ ঘটনা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের কোয়াড অ্যানেক্সেস এলাকার কাছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের বাইরে গুলিবিদ্ধ পাঁচজনকে খুঁজে পান ক্যাম্পাস পুলিশ ও চেস্টারফিল্ড কাউন্টির কর্মকর্তারা।
আহতদের মধ্যে অন্তত একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরে নিশ্চিত করা হয়েছে। তার আঘাত গুরুতর নয় এবং চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি আহতদের অবস্থাও প্রাণঘাতী নয় বলে জানা গেছে। তবে হামলার কারণ এবং এতে জড়িত সন্দেহভাজনদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলায় একাধিক সন্দেহভাজনের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



