গাজা যুদ্ধবিরতি ও শান্তি-প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য সফরের আগে তার এই কায়রো সফর অনুষ্ঠিত হচ্ছে।
হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কায়রোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল আল-হাইয়ার। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটিই হবে মিসরে তার প্রথম সফর।
সূত্রটি জানায়, রোববার (১৬ আগস্ট) সকালে মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আল-হাইয়ার। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি এবং চলমান শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের ওপর চাপ বাড়াতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও পদক্ষেপের অপেক্ষায় রয়েছে হামাস।
তিনি বলেন, নির্ধারিত রোডম্যাপ মেনে চলতে নেতানিয়াহু সরকারকে বাধ্য করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ প্রয়োজন।
এদিকে ট্রাম্পের দূত জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য সফরকে ঘিরে যুদ্ধবিরতি ও গাজা পরিস্থিতি নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতার প্রত্যাশা তৈরি হয়েছে।



