ফরিদপুরের বোয়ালমারীতে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও সহিংসতার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়। মান্নান মাতুব্বর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটকীয়ভাবে বিএনপিতে যোগ দিয়েছিলেন।
দীর্ঘ ১৮ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকা এই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন-পরবর্তী সময়ে ময়েনদিয়া বাজার এলাকায় বড় ধরনের সহিংসতার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বজায় রাখতে মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে আসছিল। এই বিশৃঙ্খলার পেছনে তাঁর প্রত্যক্ষ উসকানি ছিল বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মান্নান মাতুব্বর দীর্ঘদিন পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তাঁর আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা নষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আপাতত তাঁকে বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



