― Advertisement ―

কলম্বিয়ায় থমকে আছে শান্তি আলোচনা: নতুন করে ২৭ গেরিলা নিহত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদক পাচারের রুট ও কৌশলগত অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গেরিলা গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানী বোগোটা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে গাভিয়ারে বিভাগের এল রেতোরনো পৌরসভার একটি দুর্গম জঙ্গলাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলম্বিয়ার সামরিক কর্তৃপক্ষ এই ব্যাপক প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

সামরিক কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সংঘর্ষটি মূলত কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)-এর দুটি বিচ্ছিন্ন গোষ্ঠীর মধ্যে সংগঠিত হয়েছে। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন কুখ্যাত গেরিলা নেতা ‘ইভান মরদিস্কো’ এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ‘কালারকা কর্দোবা’। নিহত ২৭ জনই মরদিস্কোর নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতেই গোষ্ঠী দুটি কয়েক বছর ধরে বিরোধে লিপ্ত।

উল্লেখ্য যে, এক সময় উভয় গোষ্ঠী একই সংগঠনের অন্তর্ভুক্ত থাকলেও ২০২৪ সালে অভ্যন্তরীণ মতপার্থক্যের জেরে তারা আলাদা হয়ে যায়। বর্তমানে কর্দোবার গোষ্ঠীটি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত থাকলেও মরদিস্কোর গোষ্ঠীটি সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। ছয় দশকের দীর্ঘ এই সংঘাত কলম্বিয়াকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, যেখানে মাদক ব্যবসা ও অবৈধ খনি থেকে আসা অর্থই সহিংসতার মূল জ্বালানি হিসেবে কাজ করছে।