জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। ৩০০ আসনের মধ্যে ২৬৮ আসনেই নিজেদের একক প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথাও দলের পক্ষথেকে জানানো হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচনী সমঝোতার বিষয়ে রাজধানীর পুরানা পল্টনে প্রেস ব্রিফিং করে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এ কথা জানান।
তিনি বলেন, ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থি শক্তি এক করার যে চেষ্টা ছিল, সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেই নিজেদের মতো নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন।
আতাউর রহমান আরো বলেন, ‘২৭০ আসনে আমাদের মনোননয়ন জমা দেওয়া হয়েছিল, দুইটি বাতিল হয়েছে। অর্থাৎ ২৬৮ আসনেই ইসলামী আন্দোলন নির্বাচন করবে। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবে না।’
পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে জামায়াতের আমির জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গেই সমঝোতা করে এসেছেন, এক্ষেত্রে একটি পাতানো নির্বাচন হবে কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে।’
এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তারা নিজেদের মধ্যে আরও আলোচনা করছেন, আমরা আশা করছি তারা আমাদের সঙ্গে থাকবেন। জোট ভাঙে নাই, জোট আছে।’



