হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণালঙ্কারের মান ২১ ক্যারেট এবং বাজারমূল্য বিপুল।
এপিবিএন সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১১টার দিকে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে আসা হয়। তল্লাশির একপর্যায়ে তার গলায় ঝোলানো হাজিদের ব্যবহৃত ব্যাগ থেকে ৬৮০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি ৭৭,৫৫৫ টাকা এবং ১৬,১২৫ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গিয়াস উদ্দিন জানান, তিনি ওমরাহ হজ কাফেলার একজন মোয়াল্লেম। ওমরাহ শেষে আজ সকালে সৌদি আরব থেকে তিনি ঢাকায় অবতরণ করেন। তিনি স্বীকার করেছেন যে, বিভিন্ন ওমরাহ যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এই স্বর্ণ অবৈধভাবে দেশে এনেছেন। তদন্তে বেরিয়ে এসেছে যে, তিনি বিমানবন্দরে সক্রিয় একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং পণ্য গ্রহণকারী বা ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এপিবিএনের অপারেশনাল কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, চোরাচালানকারীরা নিয়মিত কৌশল পরিবর্তন করে অপরাধ করার চেষ্টা করে। তবে বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে এপিবিএন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে এবং যেকোনো অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।



