মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় পতাকাবাহী সংস্থাটির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নীতিগত অনুমোদন পেয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, উড়োজাহাজের মূল্যসহ অন্যান্য শর্ত ও বিষয়ে বোয়িংয়ের সঙ্গে এখন আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
এর আগে, গত আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে আলোচনার সময় বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।
বিমানের সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ২৪ নভেম্বর তারিখের বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রয় প্রস্তাব এবং ২০ ডিসেম্বর ২০২৫ জমা দেওয়া সংশোধিত খসড়া চুক্তি পর্যালোচনা করেছে।
প্রস্তাবে বোয়িং জানায়, তারা ২টি বোয়িং ৭৮৭-৯, ৮টি বোয়িং ৭৮৭-১০ এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সরবরাহে আগ্রহী। পরিচালনা পর্ষদ প্রস্তাবটিকে নীতিগত অনুমোদন দেয় এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার অনুমতি দেয়।
এদিকে, বোয়িং ক্রয়ের তৎপরতায় ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশে এয়ারবাসের উড়োজাহাজ বিপণনে তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছেন। ১০টি এয়ারবাস উড়োজাহাজ ক্রয়ের সম্ভাব্য আলোচনা পূর্ববর্তী সরকারের আমল থেকেই শুরু হয়েছিল।
বিমান সূত্র জানায়, সব ধরনের সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থাপনা সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হবে। এরপর ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং।



