বরিশাল মেইল ডেস্ক
পুলিশের উচ্চপর্যায়ের তিন কর্মকর্তাকে আজ মঙ্গলবার অবসরে পাঠানো হয়েছে। তাঁরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (উপমহাপরিদর্শক পদমর্যাদা) মো. মোজাম্মেল হক ও কেএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত উপমহাপরিদর্শক) সরদার রকিবুল ইসলাম।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে কৃষ্ণ পদ রায়, মো. মোজাম্মেল হক ও সরদার রকিবুল ইসলামকে অবসর দেওয়া হলো। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া তিনজনই অবসরজনিত ভাতা প্রাপ্য হবেন।



