নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষ এখনও গণভোট বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’
মির্জা ফখরুল বলেন, দেশে ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। এটা মুসলমানের দেশ, এত মাদরাসা, মসজিদ, এত ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে? এত দুর্নীতি করে? কেন আমরা সম্পদ বিদেশে পাচার করে দিই? আমি বুঝতে পারি না।
তিনি আরো বলেন, একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ—সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?



