নিজস্ব প্রতিবেদক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত।
আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার পরে ঢাকায় ধানমন্ডি এলাকায় থাকার প্ল্যান আছে।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা।
‘কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন, এই সময়ে কেউ ভোট দিতে পারেনি।’
ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তার পরও দেখা যাক কী হয়। আমার কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখল কি রাখল না, সেটি আমার দেখার বিষয় নয়।’
এখন পর্যন্ত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।



