নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আঘাত পেয়ে পাশের নালায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।



