আন্তর্জাতিক ডেস্ক
রণতরী, পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে, তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা। সম্প্রতি পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে বানোয়াট ‘যুদ্ধাবস্থা তৈরির’ অভিযোগ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার ভূমধ্যসাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। এটি ৯০টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে সক্ষম।

প্রেসিডেন্ট মাদুরো দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে। তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিলো এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ক্যারিবিয়ান সাগরে গত শুক্রবারের হামলায় ‘ছয় জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত’ হয়েছে। তিনি বলেছেন, যেই জাহাজে হামলা করা হয়েছে সেটি ত্রেন দে আরাগুয়া নামের একটি অপরাধমূলক সংগঠনের।
তবে এ হামলার নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আর এদিকে ট্রাম্প প্রশাসন বলেছে, তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন যে এই অভিযান মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে।



