নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় অভিযান শুরুর পর ওই বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে।
তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান প্রথমে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করেন। তবে পরে আবার জানান সেনাবাহিনী সহায়তা চাওয়ায় তারা সাহায্য করছেন।



