নিজস্ব প্রতিবেদক
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এনায়েত করিম চৌধুরী (৫৫) নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মন্ত্রীপাড়া খ্যাত মিন্টো রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালত ওই ব্যক্তিকে কারাগারে পাঠায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছে থাকা দুইটি আইফোন উদ্ধারের পর তা বিশ্লেষণ করে পুলিশ বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্’ পেয়েছে বলে বাসসের খবরে বলা হয়েছে।
খবরে আরো বলা হয়েছে, ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। তিনি ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছেন এবং ইতিমধ্যেই তিনি সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহলের সাথে গোপন বৈঠক করেছেন।



