নিজস্ব প্রতিবেদক
দেশে প্রতিদিনই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, দেশে গত ৮ বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে দিগুণ হয়েছে।
এতে আরো বলা হয়েছে, অশিক্ষিতদের মধ্যে বেকারত্বের সংখ্যা কম। শিক্ষিত তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি বেকার। প্রতি তিনজন বেকারের মধ্যে একজন স্নাতক ডিগ্রিধারী। আর দুই বছরের বেশি সময় ধরে বেকার এমন তরুণ-তরুণীদের মধ্যে স্নাতক ডিগ্রিধারী সবচেয়ে বেশি।
সম্প্রতি বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২৪–এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, বাংলাদেশে এখন বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার।
সার্বিকভাবে কয়েক বছর ধরে দেশে বেকারের মোট সংখ্যা প্রায় অপরিবর্তিত। কিন্তু খারাপ খবর হলো, সাম্প্রতিক কয়েক বছরে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা অনেকটাই বেড়েছে।
২০১৭ সালের শ্রমশক্তি জরিপে দেখা যায়, ওই বছর চার লাখের মতো স্নাতক ডিগ্রিধারী বেকার ছিলেন। আট বছর পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ লাখে। অর্থাৎ, আট বছরের ব্যবধানে উচ্চশিক্ষিত বেকার সংখ্যায় দ্বিগুণেরও বেশি হয়েছে।
এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, দেশের চলমান সংস্কার আলোচনায় রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকেও প্রাধান্য দেওয়া উচিত। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানে কী কী করা উচিত, আলোচনায় থাকা প্রয়োজন।



