নিজস্ব প্রতিবেদক
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে চাঁদে গ্রহণ লাগবে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, আজ রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।
চন্দ্রগ্রহণটি রবিবার রাত থেকে শুরু হয়ে পরদিন সোমবার ভোর পর্যন্ত চলবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

এর কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে না।
শুধু সৌন্দর্য উপভোগ নয়, যদি আজ রাতে আকাশ মেঘমুক্ত থাকে তবে চাঁদের লাল আভায় পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন আকাশপ্রেমীরা।



