― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এবার পিআর পদ্ধতি নিয়ে গণভোটের চিন্তা

নিজস্ব প্রতিবেদক
সংসদের উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের প্রশ্নে গণভোটের সুপারিশ করার বিষয়টি ভাবছে ঐকমত্য কমিশন। এ ছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে কিছু ক্ষেত্রে গণভোট, কিছু ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশসহ একাধিক বিকল্প চিন্তা করছে কমিশন।

আর সংবিধানের সাথে সংশ্লিষ্ট নয়, এমন প্রস্তাবগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে এটি চূড়ান্ত করা হবে।

এরপর জুলাই সনদ এবং এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ একসঙ্গে আগামী সপ্তাহে রাজনৈতিক দল ও সরকারের কাছে পাঠানো হবে। এছাড়া সনদের অঙ্গীকারে পরিবর্তন আসছে।

ঐকমত্য কমিশন সূত্রে জানা যায়, সব প্রস্তাব নিয়ে গণভোট দেওয়া সম্ভব হবে না। এখন পর্যন্ত উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে গণভোটের সুপারিশ করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। কারণ, উচ্চকক্ষ গঠনে সবাই একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়েছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গণভোটে যাওয়া প্রয়োজন। এর সঙ্গে আরও কিছু বিষয়েও (যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে) গণভোট করার পরামর্শ দেওয়া হতে পারে। সংবিধান সংস্কার-সংক্রান্ত অন্য যেসব প্রস্তাবে ঐকমত্য আছে, সেগুলোর বাস্তবায়নপ্রক্রিয়া হিসেবে বিশেষ সাংবিধানিক আদেশ জারির সুপারিশ করার কথা বিবেচনা করা হচ্ছে।

জুলাই সনদ চূড়ান্ত করা ও বাস্তবায়নের উপায় নিয়ে গতকাল বৃহস্পতিবার ও আগের দিন কমিশন নিজেদের মধ্যে বৈঠক করেছে। গতকালই জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানোর আশা ছিল কমিশনের। তবে শেষ পর্যন্ত তা হয়নি। সনদ অনেকটা চূড়ান্ত হলেও কমিশন চাইছে বাস্তবায়নের উপায় এবং সনদ দুটো একসঙ্গে পাঠাতে। এ জন্য আরও সময় নেওয়া হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমে বলেছেন, ‘কমিশন জুলাই সনদের চূড়ান্ত রূপ দাঁড় করিয়েছে। সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা নিয়ে কমিশন পরামর্শ দেবে। বাস্তবায়নের পদ্ধতিটি নিশ্চিত করার পর সনদ ও বাস্তবায়নের উপায়—এ দুটি দলিল একসঙ্গে দলগুলোর কাছে পাঠানো হবে।’