নিজস্ব প্রতিবেদক
দেশের পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি রেং ত্লাং এলাকায় দীর্ঘ এক মাস অভিযান চালিয়ে বম পার্টির (কেএনএ) ১টি প্রশিক্ষণ ঘাঁটি থেকে অস্ত্র ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলায় গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত দীর্ঘ এক মাসব্যাপী বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর টহলদল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে।
পরে সেখানে তল্লাশি চালিয়ে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়াও ওই সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখলে নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।



