ডেস্ক রিপোর্ট :
খাগড়াছড়ি-সাজেক সড়কে অন্তত তিন জায়গায় পাহাড়ধসের ঘটনায় সড়কটি বন্ধ হয়ে যায়। এর প্রায় দশ ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে। সেখানে আটকেপড়া পর্যটকরা নিরাপদে ফিরেছেন।
সাজেকের রিসোর্ট অ্যান্ড কটেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন। প্রতিদিনের মত যে গাড়িগুলো সকাল সাড়ে ১০টার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্কটে চলে যায়, সেগুলো আড়াইটার দিকে সাজেক ছেড়েছে, আর খাগড়াছড়ি থেকে যেটা আসবে, সেটাও সেখান থেকে ছেড়েছে বলে জেনেছি। এখন পর্যটকরা আসতে ও যেতে পারবেন, কোনো সমস্যা নেই।
এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সাজেকে আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো ফিরতে শুরু করেছে। সড়কটিতে এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।



