ডেস্ক রিপোর্টঃ
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আলী আহম্মেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা এ সংঘর্ষে পাঁচজন নিহত হন।



