― Advertisement ―

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে ৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরাকের একটি শপিং মলে আগুন লেগে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। গতকাল বুধবার (১৬ জুলাই ) এ ঘটনা ঘটেছে বলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল আরাবিয়ার।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর কুত-এর একটি শপিং মলে এ দুর্ঘটনা ঘটে। ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে জানান, বুধবার রাতে একটি বড় শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতভর আল-কুতের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে স্বাধীনভাবে ভিডিওগুলো যাচাই করা যায়নি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর বলেছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।