― Advertisement ―

টেক্সাসে বন্যায় ৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যায় এখন পর্যন্ত ১৫ শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বেঁচে থাকা মানুষদের উদ্ধার করতে শত শত উদ্ধারকর্মী কাজ করছেন। চলতি সপ্তাহের শেষে আরও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

টেক্সাসের কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলছেন, ‘ঝুঁকিতে থাকা প্রত্যেককে উদ্ধার না করা পর্যন্ত কাজ চলমান আছে ও চলবে’।

কাউন্টি কর্মকর্তারা জানান, নদীর কাছে অবস্থিত ক্রিশ্চিয়ান ইয়ুথ ক্যাম্প থেকে ২৭টি শিশু নিখোঁজ হয়েছে। তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বন্যায় জলের তোরে ভেসে আসা জঞ্জাল।

বন্যায় নিহত কয়েকজন শিশুর অভিভাবক সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাদের শিশুদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে এবং এটা করতে তিনি একটি দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
তিনি বলছেন, কর্মকর্তারা এ ঘটনার শিকার প্রতিটি ব্যক্তির অবস্থান খুঁজে পেতে বিরামহীন কাজ করে যাবেন।