আন্তর্জাতিক ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার দেশকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেবে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় দৃঢ় সমর্থন জানায়। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও জোরদার হবে।”
রুবিও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে কাজ করে উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই বার্তাটি বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, গণতন্ত্র ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ইঙ্গিত বহন করে।
বিএম/সজীব



