আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধান বিমানবন্দর হিথ্রো শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। বিমানবন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে শতাধিক ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
হিথ্রো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের এই সময়ের মধ্যে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর, যেখানে প্রতিদিন প্রায় ১,৩০০ ফ্লাইট পরিচালিত হয়। ২০২৩ সালে এই বিমানবন্দর দিয়ে রেকর্ড ৮৩.৯ মিলিয়ন যাত্রী ভ্রমণ করেছেন।
বিএম/সজীব



