ডেস্ক রিপোর্টঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় চলন্ত একটি বাসে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের আগে চালক, সহকারী ও যাত্রীসহ ২০ জন বাস থেকে দ্রুত বেরিয়ে আসায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি পথে তিনজন যাত্রী নামিয়ে দেয়। দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত নামতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিভলেও বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং আসনগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় গ্রিন লাইন পরিবহন বরিশাল শাখার কোনো কর্মকর্তা এখনো কোনো মন্তব্য করেননি।
বিএম/সজীব



