ডেস্ক রিপোর্টঃ বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও গ্রহণযোগ্য করতে এটি ঐকমত্যের সরকারে রূপান্তরিত হতে যাচ্ছে। সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে, যেখানে কিছু উপদেষ্টাকে বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের যুক্ত করা হবে। এর মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঐকমত্যের সরকারের নেতৃত্ব দেবেন। এছাড়া, সরকারের সঙ্গে রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ের জন্য সিনিয়র সচিব পদমর্যাদায় একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, এবং যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
সরকারের উচ্চ পর্যায়ের সূত্র বলছে, নতুন এই সরকারের মূল লক্ষ্য হবে—দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
এর আগে ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ প্রতিষ্ঠার কথা বলেছিলেন, যা রাজনৈতিক ঐকমত্য তৈরির জন্য কাজ করবে। যদিও কমিশন এখনো গঠিত হয়নি, তবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, প্রয়োজনে এটি আলাদা করে গঠন করা হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, যদি সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তিদের নিয়ে ঐকমত্যের সরকার গঠন করা হয়, তাহলে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



