― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

৫০ হাজার অবৈধ বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে প্রায় ৫০ হাজার বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছিলেন। গত ডিসেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয়, তারা যেন দ্রুত দেশ ছাড়েন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে জানুয়ারি মাস পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন দেশ ত্যাগ করলেও এখনো ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন।

অবৈধ এই বিদেশি নাগরিকদের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) এবং বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিবকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর বিদেশিদের বৈধ ভিসা ছাড়া অবস্থানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। সতর্ক করা হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে ১৫ হাজার আবেদন জমা পড়ে, যার মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। এছাড়া, চীনা ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের মধ্যে ২৭ হাজারের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের নাগরিকরা, যাদের সংখ্যা প্রায় ১০ হাজার।

ডিআইপির ভিসা শাখা জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়া এসব বিদেশিদের জরিমানা দিয়ে নবায়ন করতে হবে অথবা আইনগত জটিলতার মুখোমুখি হতে হবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএম/সজীব