― Advertisement ―

আরাকান আর্মির কবল থেকে মুক্ত বাংলাদেশি ২ কার্গো জাহাজ

ডেস্ক রিপোর্টঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি চার দিন পর আটক পণ্যবোঝাই কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। আরাকান আর্মির কবল থেকে ছাড়া পেয়েছে পণ্যবোঝাই বাংলাদেশি দুই জাহাজ ।

সোমবার ( ২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাফ নদের টেকনাফ স্থলবন্দরে এসে ভিড়েছে।

সিঅ্যান্ডএফ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ জানুয়ারি দুপুরে নাফ নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা পণ্যবাহী দুইটি কার্গো জাহাজ আরাকান আর্মির সদস্যরা তল্লাশির নামে জিম্মি করে। পরদিন একই এলাকায় আরও একটি জাহাজ আটক করে তারা। দুটি জাহাজ পণ্য নিয়ে ফিরে এলেও আরেকটি জাহাজ এখনও ছাড়েনি আরাকান আর্মি। জিন্মি হওয়া জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, জাহাজ ফিরে আসায় তাদের স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটেনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

টেকনাফ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘আরাকান আর্মি ইয়াঙ্গুন থেকে আসার পথে তিনটি পণ্যবাহী কার্গো জাহাজ গত চার দিন আটক রাখে।

সোমবার সকালে ছেড়ে দিয়েছে। তবে দুইটি টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছলেও এখনো অন্যটি আসেনি। কার্গো জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত ৪০ কোটি টাকার প্রায় ৫০ হাজার বস্তা পণ্য রয়েছে বলে জানান তিনি ।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মাসুম বলেন, “২০২৩-২৪ অর্থবছরের ২৩ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৭ হাজার টন পণ্যে আমদানি হয়েছে। এর বিপরীতে সরকার ২৫৭ কোটি টাকা রাজস্ব পায়।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১১ হাজার টন পণ্য আমদানি হয়। যার ফলে ৮৭ কোটি টাকা রাজস্ব পায় সরকার । রাখাইন রাজ্যে যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় ১৭০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১৬ ও ১৭ জানুয়ারি মিয়ানমারের জান্তা শাসিত রাজধানী ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে দুই দেশের সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্য নিয়ে আসছিল তিনটি জাহাজ।

বিএম/জ/রা