ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফল উপজেলায় শিবু বণিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। এ সময় তার প্রতিষ্ঠানের কর্মচারীদের বেঁধে নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবু বণিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার সারা দিনের দোকানের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী শিবু বণিক। এসময় রাত সাড়ে ১০টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবু বণিকসহ কর্মচারী শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই জনকে বেঁধে ফেলে সন্ত্রাসীরা। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নেয়। একপর্যায়ে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিবু বনিককে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।



