ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্সে বর্ষবরণ উৎসবে ট্রাক দিয়ে হতাহতের ঘটনায় টেক্সাসের বাসিন্দা সাবেক মার্কিন সেনা শামসুদ-দীন একাই জড়িত ছিলেন বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এর আগে এ ঘটনায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারেন বলে জানানো হয়েছিল।
গত বুধবার ট্রাক চালিয়ে দেওয়ার এ ঘটনায় ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশের গুলিতে নিহত হন শামসুদ-দীন নিজেও। হামলার ঘটনাটিতে তদন্ত শুরুর পর কর্মকর্তারা বলছেন, শামসুদ-দীন সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে ঘৃণা করতেন গান, মাদক ও মদ। হামলার কিছু আগে তাঁর ধারণ করা কিছু ভিডিও রেকর্ডিং থেকে এমন তথ্য জানা গেছে।
এফবিআই গতকাল বৃহস্পতিবার বলেছে, ৪২ বছর বয়সী শামসুদ-দীন ১০ বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। একসময় আফগানিস্তানেও ছিলেন তিনি। বুধবার নিউ অরলিয়েন্সে তিনি একাই হামলা চালিয়েছেন। তদন্ত সংস্থাটির শেষের এ বক্তব্য ইতিপূর্বে উল্লেখ করা বক্তব্যের বিপরীত। হামলার পরপর তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, হামলায় শামসুদ-দীনের সঙ্গে অন্যরাও অংশ নিয়ে থাকতে পারেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় নিউ অরলিয়েন্স শহরের বুরবন স্ট্রিটে গাড়ি হামলার ঘটনা ঘটে। খ্রিষ্টীয় বর্ষবরণের আনন্দ-উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন চালক। এরপর লাফিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি গুলিবর্ষণ শুরু করেন।



