― Advertisement ―

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ১৮ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের উত্তর-পশ্চিম ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশটির সামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন। পৃথক হামলায় নিহত এই সেনাসদস্যদের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় ১০ জন সেনাসদস্য নিহত হন। এর এক দিনেরও কম সময় আগে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আরেকটি হামলায় নিহত হন আরও ৮ জন।

বান্নুর সর্বশেষ হামলার বিষয়ে একটি গোয়েন্দা সূত্র এএফপি-কে জানায়, “একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপয়েন্টে বিস্ফোরণ ঘটায়। এরপর তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। এতে ১০ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণে চেকপয়েন্টের অবকাঠামো এবং সামরিক যানও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর।

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় মঙ্গলবার আরেকটি ভয়াবহ বন্দুকযুদ্ধে ৮ জন সেনাসদস্য নিহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বাগ-ময়দান মারকাজ এলাকায় একটি সামরিক ক্যাম্পে জঙ্গিদের হামলার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে আরও ৩ জন সেনাসদস্য আহত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ডন জানায়, এই ঘটনায় ৯ জন জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এখনো আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করেনি।

এই হামলাগুলো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ওপর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমের বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ

পাকিস্তান থেকে সেই জাহাজে কী এসেছে, জানা গেল

‘আমরা কি কারো কাছে বন্দি’ পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা