― Advertisement ―

ইরানের গভীরে দুঃসাহসিক কমান্ডো অভিযান: নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে নিজেদেরই ২ বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

শত্রুপক্ষের সীমানার অনেক ভেতরে ঢুকে, প্রাণ বাজি রেখে এক মার্কিন সেনাকে ছিনিয়ে আনল যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। গত শুক্রবার ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের নিখোঁজ অস্ত্রব্যবস্থা কর্মকর্তাকে (WSO) উদ্ধার করেছে মার্কিন ‘স্পেশাল অপারেশনস ফোর্সেস’। শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাতের এই রুদ্ধশ্বাস অভিযানে ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি গোলাগুলিতে লিপ্ত হতে হয় মার্কিন কমান্ডোদের। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, অভিযান শেষে নিজেদের দুটি পরিবহন উড়োজাহাজ শত্রুপক্ষের হাতে পড়া আটকাতে সেগুলো নিজেরাই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী।

গত শুক্রবার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট দ্রুত উদ্ধার পেলেও অন্য ক্রু নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে পেতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দেওয়া এক অসম প্রতিযোগিতা। একদিকে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট ও ড্রোন, অন্যদিকে ইরানের স্থানীয় পুরস্কার ঘোষণা ও চিরুনি অভিযান—সব মিলিয়ে পরিস্থিতি ছিল চরম উত্তেজনাকর। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, কয়েক শ বিশেষ বাহিনীর সদস্য এবং ডজনখানেক যুদ্ধবিমানের সহায়তায় এই বিশাল উদ্ধার কাজ পরিচালিত হয়। ক্রু যেখানে লুকিয়ে ছিলেন, সেখানে ইরানি বাহিনীকে রুখতে উপর্যুপরি বোমা ও গুলিবর্ষণ করে মার্কিন বিমানগুলো।

উদ্ধার অভিযানের এক পর্যায়ে মার্কিন কমান্ডোরা যখন ওই ক্রুর কাছে পৌঁছান, তখন সেখানে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। উদ্ধারকৃত ক্রুর কাছে কেবল একটি পিস্তল ছিল আত্মরক্ষার জন্য। তাঁকে নিয়ে ফেরার সময় দুটি মার্কিন পরিবহন উড়োজাহাজ ইরানের এক দুর্গম এলাকায় যান্ত্রিক ত্রুটি বা পরিস্থিতির কারণে আটকা পড়ে। শত্রুদেশ যেন মার্কিন প্রযুক্তি বা উড়োজাহাজগুলো কবজা করতে না পারে, সেজন্য তড়িঘড়ি আরও তিনটি বিমান পাঠিয়ে ক্রুদের সরিয়ে নেওয়া হয় এবং আটকে পড়া উড়োজাহাজ দুটি ল্যান্ডিং সাইটেই ধ্বংস করে দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম ‘জটিল ও দুঃসাহসিক’ মিশন হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকদের মতে, এই ক্রু যদি ইরানের হাতে ধরা পড়তেন, তবে যুদ্ধের মোড় ও ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ধস নামতে পারত। নিখোঁজ ক্রু সম্ভবত স্থানীয় সরকারবিরোধী গোষ্ঠীর সহায়তায় আত্মগোপন করেছিলেন, যা তাঁকে ইরানি বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সাহায্য করেছে। বর্তমানে উদ্ধারকৃত ওই সেনা সদস্য সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।