― Advertisement ―

ট্রাম্পের হাসপাতালে ভর্তির খবর ‘গুজব’: ওভাল অফিসে বিরতিহীন কাজের দাবি হোয়াইট হাউসের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ নেতাকে ম্যারিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে—এমন দাবি সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে হোয়াইট হাউস। তবে ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে, প্রেসিডেন্টের অসুস্থতার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি কেবলই একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

গুঞ্জনের সূত্রপাত হয় শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকালে, যখন প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে দীর্ঘ সময় ‘ব্যক্তিগত সময়’ (Executive Time) বরাদ্দ রাখা হয় এবং তিনি সারা দিন জনসম্মুখে আসেননি। এই সুযোগে রাজনৈতিক বিশ্লেষক এড ক্রাসেনস্টাইনসহ অনেকেই দাবি করেন, হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্ট চিকিৎসাধীন। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন নেতার এমন হঠাৎ অনুপস্থিতি জনমনে সন্দেহের দানা বাঁধে।

এই বিভ্রান্তি নিরসনে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স টিম’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক কড়া বিবৃতিতে জানায়, যখনই প্রেসিডেন্ট কয়েক ঘণ্টা মিডিয়ার আড়ালে থাকেন, তখনই কিছু মানুষ ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আবিষ্কার করতে শুরু করে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইস্টার ছুটির পুরো সময়টা ওভাল অফিসেই কাটাচ্ছেন এবং বিরতিহীনভাবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্টের উপস্থিতির প্রমাণ হিসেবে ওয়েস্ট উইংয়ের সামনে প্রথাগত ‘মেরিন সেন্ট্রি’র পাহারার বিষয়টিও উল্লেখ করা হয়।

বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সংস্থা এবং সংবাদমাধ্যম ওয়াল্টার রিড হাসপাতালের সামনে কোনো বাড়তি নিরাপত্তা বা প্রেসিডেন্টের বিশেষ গাড়িবহর দেখতে পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। মার্কিন ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ এই প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জনমনে কৌতূহল থাকা স্বাভাবিক হলেও, হোয়াইট হাউস একে স্রেফ ‘উন্মাদনা’ হিসেবে অভিহিত করেছে। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রেসিডেন্টের সুস্থতা ও কর্মক্ষমতা নিয়ে যে কোনো সংশয় দূর করতে প্রশাসন এখন অত্যন্ত তৎপর।