― Advertisement ―

ইরানের সাঁড়াশি অভিযান: ৪ ‘মার্কিন গুপ্তচর’সহ গ্রেফতার ১১১

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে এবার বড় ধরনের নিরাপত্তা অভিযানের খবর দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে চারজন ‘গুপ্তচর’সহ মোট ১১১ জনকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (১৮ মার্চ) ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, গত রাতভর দেশটির ২৬টি প্রদেশে একযোগে এই অভিযান চালানো হয়। মূলত ‘রাজতন্ত্রপন্থি’ বিরোধী সেলগুলো নির্মূল করতেই এই বিশেষ তৎপরতা চালায় তেহরান।

গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন সরাসরি মার্কিন প্রশাসন ও তাদের প্রক্সি সংস্থাগুলোর হয়ে কাজ করছিল। তাদের মূলত হামাদান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে শনাক্ত করা হয়েছে। এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম এবং মোতায়েন করা অবস্থানের গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পৌঁছে দিচ্ছিল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান ছায়াযুদ্ধ এবং সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এই অভ্যন্তরীণ দমন অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান সরকার এই ১১১ জনকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে দাবি করেছে যে, তারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আল জাজিরার সূত্রমতে, এই অভিযানের ফলে অনেকগুলো বিরোধী নেটওয়ার্ক বা সেল পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে তেহরান।