― Advertisement ―

নাফ নদী থেকে নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি চার জেলেকে নৌকাসহ অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। হঠাৎ করে সীমানা পেরিয়ে এসে জেলেদের ধরে নিয়ে যাওয়ার এই ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অপহৃত চার জেলেই শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকার বাসিন্দা। শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, মঙ্গলবার সকালে নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মাছ ধরছিলেন তারা। এসময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ ধরে ওপারে নিয়ে যায়। তবে জেলেরা বাংলাদেশের ভেতরে ছিলেন নাকি সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন, তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, জীবন-জীবিকার সন্ধানে নদীতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হবেন তারা ভাবেননি। বিষয়টি জানাজানি হওয়ার পর অপহৃতদের স্বজনরা দ্রুত বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেছেন। প্রিয়জনদের ফিরে পেতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।

বর্তমানে টেকনাফ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। মিয়ানমারের অভ্যন্তরে চলমান জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের প্রভাবে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিন ধরেই উদ্বেগ রয়েছে। এই অপহরণের ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।