― Advertisement ―

হোয়াইট হাউসের নতুন চাল:বর্ডার প্যাট্রোল কমান্ডারকে অপসারণের খবর নাকচ করল হোমল্যান্ড সিকিউরিটি

যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের কমান্ডার গ্রেগরি বোভিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। সোমবার (২৬ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, বোভিনো এখনো তার দায়িত্বে বহাল আছেন। ডিএইচএস-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বোভিনোকে প্রেসিডেন্ট ট্রাম্পের দলের একজন অপরিহার্য সদস্য এবং ‘দেশপ্রেমিক’ হিসেবে বর্ণনা করেছেন।

বোভিনোর অপসারণের এই গুঞ্জনটি মূলত মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’-এর একটি প্রতিবেদন থেকে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়েছিল, তাকে বর্তমান পদ থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়ায় ফেরত পাঠানো হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এই তথ্যকে সরাসরি অস্বীকার করা হলেও মিনিয়াপোলিসের পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়ছে। সম্প্রতি অভিবাসন বিরোধী অভিযানে বর্ডার প্যাট্রোল সদস্যদের গুলিতে একজন নার্সসহ দুই মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনায় ট্রাম্প প্রশাসন এখন তীব্র সমালোচনার মুখে।

সহিংসতার এই আবহে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে জানিয়েছেন যে, মঙ্গলবার থেকে কিছু ফেডারেল এজেন্ট শহরটি ছাড়তে শুরু করবেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠ ও আলোচিত ‘বর্ডার জার’ টম হোমানকে মিনেসোটায় পাঠানোর ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ট্রাম্প প্রশাসন শহরটিতে শান্তি ফিরিয়ে আনতে এবং ফেডারেল হস্তক্ষেপের মাত্রা কমাতে নতুন কোনো কৌশল গ্রহণ করতে যাচ্ছে।