― Advertisement ―

ইন্দোনেশিয়ায় বৃষ্টির তাণ্ডব: পাহাড় ধসে নিহত ১০, নিখোঁজ ৮০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে দুশ্চিন্তার বিষয় হলো, ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৮০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোরের এই আকস্মিক দুর্যোগের পর প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ সাময়িক ব্যাহত হলেও বর্তমানে তা পুরোদমে পুনরায় শুরু হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত জাভা অঞ্চলে অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পাসির লাঙ্গু গ্রামের বাসিন্দারা জানান, এই অঞ্চলে এর আগে ছোটখাটো বন্যা দেখা দিলেও পাহাড় থেকে এমন ভয়াবহ ভূমিধস নামার অভিজ্ঞতা তাদের জন্য একেবারেই নতুন। প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী দেদি কুরনিয়াওয়ান জানান, বনভূমি থেকে নেমে আসা মাটির স্তূপ মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিয়েছে। কেবল পশ্চিম জাভা নয়, রাজধানী জাকার্তাসহ বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে। জানমালের ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধার অভিযানে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কর্দমাক্ত মাটি ও অব্যাহত বৃষ্টি। ভূমিধসপ্রবণ মাটি অস্থিতিশীল থাকায় ভারী ক্রেন বা বুলডোজার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে উদ্ধারকর্মীদের অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি বা হালকা সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হচ্ছে। উল্লেখ্য, মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই শোক কাটতে না কাটতেই নতুন এই বিপর্যয় ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।